ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরব থেকে আসা ২০৮ কেজি সরকারি খেজুর বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশফাকুল কবির। অনুষ্ঠানে উপজেলার মোট ১৩০টি মাদরাসা ও এতিমখানার প্রধানদের হাতে এই খেজুর তুলে দেওয়া হয়।
বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহাগ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. আলিম ও সিনিয়র সহ-সভাপতি আজিজুল হকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, মাহে রমজানে এতিম ও দুস্থ শিক্ষার্থীদের ইফতারের সুবিধার্থেই সরকারি এই বরাদ্দ সরাসরি প্রতিষ্ঠানগুলোর হাতে পৌঁছে দেওয়া হয়েছে।
জেএইচআর