রাঙামাটিকে একটি বিশ্বমানের ও নিরাপদ পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ট্যুর গাইডদের পেশাগত পরিচয় নিশ্চিতে বিশেষ ভেস্ট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের রিজার্ভ বাজারস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার অনুষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে এই ভেস্ট তুলে দেওয়া হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পর্যটন বিষয়ক আহ্বায়ক মো. হাবীব আজমের পক্ষ থেকে ট্যুর অপারেটর 'হিল ট্রেকার্স রাঙামাটি'-এর প্রশিক্ষিত সদস্যদের হাতে এই বিশেষ গাইড ভেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মো. হাবীব আজম বলেন, রাঙামাটির পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে হলে পর্যটকদের নিরাপত্তা ও উন্নত সেবা নিশ্চিত করা জরুরি। দক্ষ ট্যুর গাইডরা পর্যটন খাতের প্রাণ। তাদের পেশাগত মর্যাদা ও পরিচিতি বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে রাঙামাটিকে আন্তর্জাতিক মানের পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে চাই।
অনুষ্ঠানে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব রাঙামাটির সভাপতি বাদশা ফয়সাল, হিল ট্রেকার্স রাঙামাটির পরিচালক মোকাদ্দেম সাইফসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন হাউসবোট ও ট্যুরিস্ট বোট মালিকগণ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রশিক্ষিত এই গাইডদের মাধ্যমে পর্যটকরা এখন থেকে আরও সহজে ও নিরাপদে পাহাড়-হ্রদের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, যা রাঙামাটির পর্যটন অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
জেএইচআর