ভোলার তজুমদ্দিনে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদের উদ্যোগে ‘পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (১৫ মার্চ) রোববার দুপুর ২টা ৩০ মিনিটে তজুমদ্দিন উপজেলা সদরে অবস্থিত জেলা পরিষদ ডাকবাংলোর হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার বিশিষ্ট শিক্ষাবিদ এবং চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ উল্ল্যাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রমজান মাস কেবল উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি, সংযম এবং ত্যাগের শিক্ষা নেওয়ার মাস। একজন শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব সমাজকে আলোকিত করা। আদর্শ জাতি গঠনে শিক্ষকদের নৈতিক ও আদর্শিক ভূমিকা অপরিসীম। মাহে রমজানের শিক্ষা যদি আমরা কর্মজীবনে প্রতিফলিত করতে পারি, তবেই একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব।”
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সংগঠনের জেলা সেক্রেটারি মোঃ শামসুল আলম। বক্তারা শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন এবং আদর্শিক জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় তজুমদ্দিন উপজেলার বিভিন্ন পর্যায়ের মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক অংশগ্রহণ করেন। রমজানের পবিত্রতা রক্ষা এবং শিক্ষকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা পর্ব শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত মেহমানদের মাঝে ইফতার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি শিক্ষকদের এক মিলনমেলায় পরিণত হয়।
এএন