চাঁদপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরান বাজারে শিশুখাদ্যে ভেজাল ও অপরিশোধিত লবণে মুড়ি তৈরির দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল ইমরান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অনুমোদনবিহীন এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন শিশুখাদ্য বিক্রয় ও সংরক্ষণ করার অপরাধে তপদার স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, মুড়ি তৈরিতে অপরিশোধিত লবণ ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেজিং করার দায়ে বরকত ভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠান থেকে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে অনুমোদনহীন ক্ষতিকর রঙ দিয়ে তৈরি করা বিপুল পরিমাণ শিশুখাদ্য ধ্বংস করা হয়। এই কার্যক্রমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
জেএইচআর