ফেনীতে ঈদের প্রধান জামাত মিজান ময়দানে সকাল ৮টায়

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৯:৫০ পিএম

ফেনীতে পবিত্র ঈদুল ফিতরের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে, তার সময়সূচি ঘোষণা করেছে ইসলামিক ফাউন্ডেশন। মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন ফেনীর উপপরিচালক মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

ফেনী শহরের ঐতিহাসিক মিজান ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এই জামাতে সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি, পুলিশ সুপার মো. শফিকুল ইসলামসহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা অংশ নেবেন। ময়দানে মুসল্লিদের সুবিধার্থে ইতোমধ্যে অত্যাধুনিক তাঁবু স্থাপনের কাজ শুরু হয়েছে।

ফেনী শহরের অন্যান্য জামাতের মধ্যে কেন্দ্রীয় বড় জামে মসজিদে সকাল ৭টা ১৫ মিনিটে, জহিরিয়া মসজিদে সকাল ৭টা ৩০ মিনিটে এবং পুরাতন রেজিস্ট্রি অফিস জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া শহরতলীর ফতেহপুরে অবস্থিত জেলা মডেল মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে এবং পুলিশ লাইন্স জামে মসজিদে সকাল ৮টা ৪৫ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন ফেনীর উপপরিচালক মো. নাজমুস সাকিব জানান, সব ঈদগাহ কমিটির সাথে আলোচনা করেই এই সময় নির্ধারণ করা হয়েছে এবং ইমামদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, প্রধান জামাতসহ জেলার সকল গুরুত্বপূর্ণ ঈদগাহ ও মসজিদে মুসল্লিদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

পৌরসভার প্রশাসক মো. নবীনেওয়াজ জানিয়েছেন, মিজান ময়দানকে সাজানোর কাজ দ্রুত গতিতে চলছে যাতে ধর্মপ্রাণ মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন।

জেএইচআর