বরিশাল মেডিকেলে আগুন, ২ রোগীর মৃত্যু

বরিশাল প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ১১:০২ এএম

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে রোগী স্থানান্তরের সময় দুই জনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার রাত ১১টার দিকে হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলায় মেডিসিন ওয়ার্ডের একটি অংশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটুয়াখালীর বাসিন্দা কাজী আতাউর রহমান (৮০) এবং বরিশাল নগরীর আবুল হোসেন (৬৭)। স্বজনদের অভিযোগ, আগুনের পর হুড়োহুড়ি করে নিচে নামানোর সময় অক্সিজেনের অভাবেই তাদের মৃত্যু হয়েছে। মৃত আতাউর রহমানের পুত্রবধূ জানান, তাঁর শ্বশুর দীর্ঘক্ষণ অক্সিজেন ছাড়া থাকায় এবং বিকল্প ব্যবস্থা না পাওয়ায় মারা যান।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পঞ্চম তলার একটি কোণে রাখা ফোম, বেডশিট ও বালিশে আগুন লাগায় দ্রুত পুরো তলায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে চিকিৎসক, নার্স ও রোগীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। রোগীরা প্রাণ বাঁচাতে স্ট্রেচারে বা স্বজনদের কোলে চড়ে নিচে নেমে হাসপাতাল চত্বরে আশ্রয় নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালের উপ-পরিচালক ডা. নাজমুল আহসান জানান, নতুন ভবনের দুটি ইউনিটে প্রায় ১০০ রোগী ভর্তি ছিলেন, যাদের নিরাপদে পুরাতন ভবনে সরিয়ে নেওয়া হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মৃত দুই রোগীর অবস্থা আগে থেকেই আশঙ্কাজনক ছিল। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন আনসার সদস্য ও স্টাফ।

ফায়ার সার্ভিসের বরিশাল স্টেশনের অফিসার আবুজর গিফরী জানান, ফোম ও বেডিং সামগ্রীর কারণে ধোঁয়া বেশি হওয়ায় নিয়ন্ত্রণে কিছুটা সময় লেগেছে। সিগারেটের আগুন বা শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

জেএইচআর