গাজীপুর সড়ক ধস: দুই প্রকৌশলী বরখাস্ত, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৭:০৯ পিএম

গাজীপুরের কাশিমপুরে উদ্বোধনের আগেই নবনির্মিত সড়ক ধসে পড়ার ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে অনিয়মের প্রাথমিক প্রমাণ পেয়ে প্রকল্পের দুই শীর্ষ প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় তুরাগ নদীর তীরে নির্মাণাধীন সড়কটির প্রায় ২০ ফুট অংশ ধসে যায়। বিষয়টি গণমাধ্যমে এলে তা প্রধানমন্ত্রীর নজরে আসে। তাঁরই নির্দেশনায় আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পরিদর্শন শেষে অনিয়মের অভিযোগে প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ এবং প্রকৌশলী শামসুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রতিমন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে বরখাস্তের চিঠি হস্তান্তর করেন। এছাড়া আগের সব তদন্ত কমিটি বাতিল করে ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার শর্তে নতুন একটি ৭ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের অর্থে নির্মিত প্রকল্পে নিম্নমান বা দুর্নীতি বরদাশত করা হবে না। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্ত প্রকৌশলীরা বিষয়টিকে প্রাকৃতিক কারণ ও ভূপ্রকৃতির প্রভাব বলে দাবি করেছেন।

এলাকাবাসীর মতে, কুসংস্কার নয় বরং মাটির দুর্বল গঠন ও অপর্যাপ্ত পাইলিংই এই ধসের মূল কারণ। সড়কের ধসে পড়া স্থানের বিপরীত পাশেও মাটি দেবে যাওয়ার লক্ষণ দেখা দেওয়ায় পুরো এলাকাটিকেই ঝুঁকিপূর্ণ বলছেন স্থানীয়রা।

জেএইচআর