মাগুরা জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
বুধবার তিনি জেলায় পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও বিশেষ সম্মান জানানো হয়।
দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল নবাগত পুলিশ সুপারকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এরপর তিনি জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
দায়িত্বভার গ্রহণের পর এক সংক্ষিপ্ত সভায় পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি পুলিশের সকল সদস্যকে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং জনসেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দীপংকর ঘোষ এবং সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) নিশাত আল নাহিয়ান। এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নবাগত এই কর্মকর্তার যোগদানের ফলে মাগুরা জেলা পুলিশ প্রশাসনে নতুন কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
জেএইচআর