ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৫:১০ পিএম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে এই পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও প্রক্টর উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ৭২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। দেশজুড়ে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একযোগে ২১টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এবারের ‘সি’ ইউনিটে মোট ২৫ হাজার ২১৬ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন।

উল্লেখ্য, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি কার্যক্রমের পরবর্তী ধাপে আগামী ৩ এপ্রিল ‘বি’ ইউনিটের এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা আয়োজনে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

জেএইচআর