যশোরে যাত্রীবাহী বাসে আগুন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৫:২০ পিএম

যশোরের সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলার ফতেহপুর ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। দাউদাউ করে জ্বলে ওঠা বাসের একটি ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে যাত্রী নিয়ে বাসটি গন্তব্যের দিকে যাওয়ার সময় হঠাৎ এতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা বাসের ভেতরে ছড়িয়ে পড়ে। ভেতরে থাকা যাত্রীরা প্রাণভয়ে দরজা ও জানালা দিয়ে বেরিয়ে আসতে শুরু করেন। অগ্নিকাণ্ডের কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টার নিরলস প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন নেভানোর আগেই বাসটির ভেতরের অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেএইচআর