বিগত আওয়ামী লীগ সরকারের সময় সক্রিয় থাকা ‘হেলমেট বাহিনী’ বর্তমানে ‘গুপ্ত বাহিনী’ হিসেবে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
শুক্রবার রাজশাহীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, সরকার পতনের পর ওই বাহিনীর সদস্যরা নতুনভাবে সংগঠিত হয়ে বিভিন্ন স্থানে ‘মব’ তৈরি ও উশৃঙ্খল পরিস্থিতির পেছনে সম্পৃক্ত রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, বিএনপি কোনো ব্যক্তিনির্ভর দল নয়, এটি তৃণমূলের শক্তি। বৈদেশিক নীতির ক্ষেত্রে বাংলাদেশ কোনো প্রভুত্ববাদে বিশ্বাসী নয়, বরং সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।
খাস জমি প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করেন, বিএনপি দখলদারিত্বের রাজনীতিতে বিশ্বাস করে না। দলের স্থায়ী কার্যালয় নির্মাণের জন্য বৈধ প্রক্রিয়ায় জমি ক্রয়ের পরিকল্পনা রয়েছে।
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের ত্যাগের কথা স্মরণ করার পাশাপাশি দলের ভেতরে যেন কোনো স্বৈরাচারী শক্তির দোসর অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
জেএইচআর