দিনাজপুরের বিরামপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে ঢাকাগামী একটি যাত্রীবাহী কোচের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন।
রোববার সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরের চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে বাসের যাত্রী মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন বাবু (৫৭)-এর পরিচয় পাওয়া গেছে। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান।
পুলিশ জানায়, পঞ্চগড় থেকে যাত্রী নিয়ে ‘হেরিটেজ স্লিপার কোচ’ নামের একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে চন্ডিপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই কোচের চালকের সহকারী ও এক যাত্রীর মৃত্যু হয়।
এ ঘটনায় অন্তত ছয়জন আহত হন। আহতদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিরামপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
এএন