জ্বালানি তেলের তীব্র সংকটের মধ্যে বরিশালের বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে চরম বিশৃঙ্খল পরিস্থিতি। তেল পাওয়ার আশায় পাম্পে অনেকেই মোটরসাইকেল নিয়ে ভিড় করছেন। দাঁড়াচ্ছেন দীর্ঘ লাইনের পেছনে, তৈরি হয়েছে নজিরবিহীন ভিড় ও দুর্ভোগ।
সরেজমিনে দেখা যায়, শনিবার বরিশাল নগরীর নতুন বাজার সংলগ্ন মেসার্স ইসরাইল তালুকদার পেট্রোল পাম্পে গভীর রাতে হঠাৎ মোটরসাইকেল চালকদের ভিড়। যা ছবিতে দেখানো হয়েছে।
তবে গভীর রাতে কেন শত শত মানুষ তেলের অপেক্ষায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন কেউ পুরো বাইক নিয়ে, আবার কেউ গাড়ির ট্যাংকির মুখ খুলে হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন।
স্থানীয়রা জানান, প্রতিদিন সীমিত পরিমাণ তেল সরবরাহ হওয়ায় সবাই তেল পাচ্ছেন না। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরে যাচ্ছেন। এ অবস্থায় কেউ কেউ নিয়ম ভেঙে আগে তেল নেওয়ার চেষ্টা করছেন, যার ফলে মাঝেমধ্যে উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হচ্ছে।
একাধিক ভুক্তভোগী মোটরসাইকেল চালক বলেন, রাত ১০টা থেকে প্রায় ৪০ মিনিট লাইনে দাঁড়িয়ে ২০০ টাকা তেল নিয়েছি।
তিনি আরও বলেন, দিন যত যাচ্ছে পেট্রোল পাম্পে তেল নিতে পরিস্থিতি ততই জটিল হচ্ছে।
এদিকে, ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করলেও অতিরিক্ত ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।
ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিন পেট্রোল, অকটেন ও ডিজেলের সম্মিলিত চাহিদার অর্ধেক তেলও পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ তাদের।
চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। ফলে অনেক পাম্পই বন্ধ করে রেখেছেন মালিকরা। জ্বালানি সংকট দ্রুত সমাধান না হলে জনভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
এএন