কেন্দুয়ায় জ্বালানি তেল বিক্রির তদারকির লক্ষ্যে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোনা) প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৪:২৬ পিএম

নেত্রকোনার কেন্দুয়ায় জ্বালানি তেল বিক্রির তদারকি ও পর্যবেক্ষণ জোরদারের লক্ষ্যে পেট্রোল পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।

শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলামের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কেন্দুয়া উপজেলায় ‘হিমালয় ফিলিং স্টেশন’ নামে একটি পেট্রোল পাম্প রয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দেশের জ্বালানি ব্যবস্থাপনা তদারকি ও সমন্বয় জোরদারের জন্য প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সার্বিক দায়িত্ব পালন করছেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম।

কেন্দুয়ায় মেসার্স হিমালয় ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা পশুসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. সাখায়াত হোসেন তারেক। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি নির্ধারিত পদ্ধতি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং প্রতিদিনের কার্যক্রমের রিপোর্ট জমা দেবেন।

এ বিষয়ে ইউএনও মো. রিফাতুল ইসলাম বলেন, “চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে কেন্দুয়া উপজেলায় জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে একমাত্র হিমালয় ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এতে পেট্রোল সরবরাহ ও বিক্রির তদারকি সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।”

এএন