কাঁচপুর সেতু সংলগ্ন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০১:১৯ পিএম

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

বুধবার সকাল ১১টায় কাঁচপুর সেতু সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, নারায়ণগঞ্জ সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম, উপ-divisionীয় প্রকৌশলী আহসান মজুমদার। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ সড়ক বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সড়ক বিভাগ, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, “২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা নারায়ণগঞ্জ সড়ক ও জনপদে ১০ হাজার বৃক্ষ রোপণের উদ্যোগ হাতে নিয়েছি। আজকে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান এই কর্মসূচি উদ্বোধন করেছেন। পর্যায়ক্রমে আগামী ৬ মাসের মধ্যে সড়ক ও জনপদ দুই পাশে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করা হবে।”

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, “সরকারের আগামী ৫ বছরের পরিকল্পনার অংশ হিসেবে আজ কাঁচপুরে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। গাছগুলি সঠিকভাবে রক্ষনাবেক্ষণ করার জন্য বিএনপির সকল সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে নজরদারি করার জন্য।”

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং সবুজায়ন বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বক্তারা জানান, সরকারের এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে দেশে পরিবেশগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ পাবে।

এএন