জিয়ানগরে ৫৮ ব্যারেল চোরাইকৃত বিটুমিন উদ্ধার

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ১২:৩০ পিএম

জিয়ানগরে সাবেক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতার কাছ থেকে ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে ঝালকাঠী সদর থানার পুলিশ।

শনিবার রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঝালকাঠী সদর থানার এসআই আসাদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জিয়ানগরের সেউতিবাড়ীয়া এলাকা থেকে জিয়ানগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল নেতা, মেসার্স পলাশ এন্টারপ্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজত থেকে এসব বিটুমিন উদ্ধার করে।

জানা গেছে, ঝালকাঠী জেলা সদরের শ্যাডো কনস্ট্রাকশনের মালিক মেজবা উদ্দিন মিন্টু গত ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের রফিক এন্টারপ্রাইজ থেকে রাস্তার কাজের জন্য ২৫ ব্যারেল বিটুমিন ক্রয় করেন। পরে ২ মার্চ ঝালকাঠী থেকে ওই বিটুমিন চুরি হয়ে যায়। এ ঘটনায় ঠিকাদার মেজবা উদ্দিন বাদী হয়ে ৫ মার্চ ঝালকাঠী সদর থানায় একটি চুরি মামলা দায়ের করেন (মামলা নং-০৫)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম সিসিটিভি ফুটেজের মাধ্যমে চোরাই মালামাল পরিবহনের ট্রাক শনাক্ত করে ট্রাকচালককে আটক করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে চোরাই বিটুমিন উদ্ধার করা হয়।

মেসার্স পলাশ এন্টারপ্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদার জানান, উদ্ধার করা ৫৮ ব্যারেল বিটুমিনের মধ্যে ৩৩ ব্যারেলের কাগজপত্র তিনি দেখাতে পারবেন। বাকি ২৫ ব্যারেল তার বিটুমিনের সঙ্গে কে বা কারা রেখেছে, তা তিনি জানেন না।

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই আসাদুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ থেকে একজনকে শনাক্ত করে তার দেওয়া তথ্য অনুযায়ী জিয়ানগরের সেউতিবাড়ীয়া গ্রাম থেকে শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজত থেকে এসব বিটুমিন উদ্ধার করা হয়েছে। তিনি বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

এএন