সারাদেশে জ্বালানি তেলের সঠিক মজুদ নিশ্চিত করা, অতিরিক্ত দাম নিয়ন্ত্রণ এবং লাইসেন্সবিহীন যানবাহনে তেল বিক্রি বন্ধে জয়পুরহাটের পাঁচবিবিতে মাঠ পর্যায়ে তদারকি শুরু করেছে উপজেলা প্রশাসন।
সোমবার সকালে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও জ্বালানি বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ।
পরিদর্শনকালে তিনি উপজেলার চাঁনপাড়া এলাকার মেসার্স সাদ্দাম ফিলিং স্টেশন, চাঁনপাড়া বাজার, কুসুম্বা বাজার ও পাঁচবিবি বাজারসহ বিভিন্ন পয়েন্টের জ্বালানি সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সরকারি নিয়ম মেনে তেল বিক্রি এবং বিশেষ করে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের কাছে তেল বিক্রি না করার কঠোর নির্দেশ প্রদান করেন।
জ্বালানি তেলের বাজার ও পাম্পগুলোর কার্যক্রম সার্বক্ষণিক নজরদারির জন্য উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. আব্দুল মমিন মন্ডলকে 'ট্যাগ অফিসার' হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাম্পগুলোতে ট্যাগ অফিসারের উপস্থিতিতে তেল বিক্রয় কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে পাম্প মালিক ও ম্যানেজারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ইউএনও।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি বা কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। জনস্বার্থে প্রশাসনের এই নজরদারি ও তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। প্রশাসনের এই উদ্যোগে সাধারণ গ্রাহকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
জেএইচআর