মাদারীপুর সাব-রেজিস্ট্রার অফিসে দালাল ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধ করতে গেটে তালা দিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার দুপুরে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব, জেলা রেজিস্ট্রার আমির হামজাসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে সংসদ সদস্য অফিসের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং উপস্থিত দলিল লেখক ও জমি ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪৭ জন লাইসেন্সধারী দলিল লেখক এবং তাদের একজন করে সহকারীর তালিকা ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন।
অভিযান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে দুর্নীতিমুক্ত করতে কঠোর পদক্ষেপ নিয়েছেন। গত ১৬-১৭ বছর ধরে এই অফিসে কথিত মাস্তানরা চাঁদাবাজি করে আসছে বলে অভিযোগ ছিল। আজকের অভিযানে আমরা সেই চাঁদাবাজির সত্যতা পেয়েছি।"
তিনি আরও জানান, দুপুরের পর এই অফিসে নিয়মিত চাঁদা তোলা হতো বলে তথ্য পাওয়া গেছে, যা এখন থেকে কঠোর তদারকিতে থাকবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "দলিল লেখক ও তাদের নিবন্ধিত সহকারী ছাড়া বহিরাগত যারা এখানে দালালি বা চাঁদাবাজি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার এলাকার ভোটাররা আমাকে ঘরে বসে থাকার জন্য ভোট দেয়নি; অন্যায় ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"
উপজেলা প্রশাসনের এই আকস্মিক অভিযানে সাধারণ সেবাগ্রহীতারা সন্তোষ প্রকাশ করেছেন। দুর্নীতি, মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুতা প্রতিরোধে সংসদ সদস্যের এমন অনড় অবস্থান মাদারীপুরের সাধারণ মানুষের মাঝে আশার সঞ্চার করেছে।
জেএইচআর