হামের উপসর্গ নিয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি সাড়ে চার মাস বয়সী শিশু ফাইজা আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক)-এ রেফার্ড করেছেন কর্তব্যরত চিকিৎসক।
রোববার জ্বর, সর্দি ও শরীরে লালচে দাগ নিয়ে পরিবারের সদস্যরা ফাইজাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তার লক্ষণ দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে হাম আক্রান্ত হওয়ার আশঙ্কায় হাসপাতালে ভর্তি করেন।
ফাইজা নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার নাগডড়া গ্রামের আমির আলীর মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা যায়, হামের উপসর্গ নিয়ে সাড়ে চার মাস বয়সী এই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। একই সঙ্গে আরও ৯ জন শিশুর শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করে হাম শনাক্তের জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর), মহাখালী, ঢাকায় পাঠানো হয়েছে। এই ৯ জন শিশু উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
আইইডিসিআর থেকে পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে তারা হাম আক্রান্ত কি না।
যেসব শিশুর নমুনা সংগ্রহ করা হয়েছে, তারা বর্তমানে হাসপাতালে ভর্তি নেই। তারা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন।
এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. মোমেনুল ইসলাম বলেন, হামের উপসর্গ নিয়ে এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়া আরও ৯ জন শিশুর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।
এএন