রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
দিবসটি উপলক্ষে সকালে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সংলগ্ন এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, চিকিৎসা বিজ্ঞান, কৃষি বিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞানকে সমন্বিত করে টেকসই প্রযুক্তির মাধ্যমে সবার জন্য সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এবারের দিবসের প্রধান লক্ষ্য। বিশ্বজুড়ে বিজ্ঞানের অভাবনীয় অগ্রগতির মাধ্যমে একটি নিরাপদ ও রোগমুক্ত ভবিষ্যৎ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে এ বছর দিবসটি পালন করা হচ্ছে। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দুর্গম পাহাড়ের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান ও ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দে। সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র হেলথ এডুকেশন অফিসার খোকন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীরা উপস্থিত ছিলেন।
পাহাড়ের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করার লক্ষে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
জেএইচআর