গাইবান্ধার গোবিন্দগঞ্জে র্যাব-১৩-এর বিশেষ অভিযানে ৫৯৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৭২ হাজার টাকাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩-এর গাইবান্ধা ও দিনাজপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, গোবিন্দগঞ্জ থানাধীন দিনাজপুর-ঢাকা মহাসড়কে ঢাকাগামী ‘নাবিল পরিবহন’-এর একটি বাসে তল্লাশি চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঝালকাঠি জেলার রাজাপুর থানার আরুয়া সোনাগাঁও এলাকার মো. মহারাজ মীর (৪৫) এবং দিনাজপুর জেলার কোতোয়ালি থানার মাসিমপুর এলাকার মো. সাহাদত হোসেন (৩৬)।
তল্লাশিকালে আসামিদের প্যান্টের পকেট থেকে নীল রঙের দুটি এয়ারটাইট পলিপ্যাকেটে রাখা ৫৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে মাদক কেনাবেচার নগদ ৭২ হাজার টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদক সংগ্রহ করে গাইবান্ধা ও দিনাজপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজই তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জেএইচআর