হিলিতে ইউএনওর মাদকবিরোধী অভিযান, নারীসহ ৫ জনের কারাদণ্ড

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৪:৩২ পিএম

দিনাজপুরের হাকিমপুর (হিলি) সীমান্তে মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে এক নারীসহ পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার দুপুরে হিলি সীমান্তের চুড়িপট্টি এলাকায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।

অভিযানে হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেনসহ পুলিশের একটি চৌকস দল অংশ নেয়। 

আটককৃতরা হলেন- হিলির দক্ষিণ বাসুদেবপুর এলাকার স্বপন মণ্ডল (৪৫), চুড়িপট্টি এলাকার রাজু খান, ফুলবাড়ীর দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মোহাম্মদ দুলাল (৪৪), হিলি সিপি এলাকার গোলজার হোসেন এবং নীলফামারীর মিস্ত্রিপাড়া এলাকার আরমান (৩৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুড়িপট্টি এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে এই ঝটিকা অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে অভিযুক্তদের হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়।

হাকিমপুর থানার ওসি মো. জাকির হোসেন জানান, আটক ব্যক্তিদের অপরাধের ধরণ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক সাজা প্রদান করা হয়েছে। এর মধ্যে চারজন পুরুষকে এক বছর করে এবং আটক নারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজা ঘোষণার পর তাদের জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, সীমান্তবর্তী এই অঞ্চলে মাদকের বিস্তার রোধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং সীমান্ত এলাকা নিরাপদ রাখতে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

জেএইচআর