গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) আওতাধীন কোনাবাড়ী থানার আধুনিক ও সুপরিসর নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ৭৫ শতাংশ জমির ওপর প্রস্তাবিত এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।
আধুনিক ও যুগোপযোগী পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভবনটি নির্মিত হলে পুলিশ সদস্যদের কাজের পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি সেবা প্রত্যাশী সাধারণ মানুষ দ্রুত ও মানসম্মত সেবা পাবেন। বিশেষ করে শিল্পাঞ্চল অধ্যুষিত কোনাবাড়ী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় এই নতুন অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, পুলিশকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যেতে এবং উন্নত সেবা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য। এই নতুন ভবন নির্মাণের ফলে পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বাড়বে এবং সেবার মান আরও ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন। এছাড়া জিএমপির বিভিন্ন ইউনিটের উপ-পুলিশ কমিশনারবৃন্দ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নতুন ভবনের দ্রুত ও মানসম্মত নির্মাণকাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
জেএইচআর