“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে ফেনী সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমের সভাপতিত্বে সভায় সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইনসহ জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম বলেন, মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এবং জনগণের স্বাস্থ্যের মানোন্নয়নে বিভিন্ন খাতের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে রোগের প্রকোপ কমাতে কেবল চিকিৎসা নয়, বরং রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থার ওপর বেশি জোর দিতে হবে। এতে স্বাস্থ্য ব্যবস্থার ওপর বাড়তি চাপ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসারবৃন্দ ও জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন করার পাশাপাশি প্রান্তিক পর্যায়ে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
জেএইচআর