চাঁদপুরের মতলব উত্তরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা বিক্রি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার আমিরাবাদ মৎস্য আড়ত ও ছেংগারচর বাজারে পৃথক দুটি অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুপুরে আমিরাবাদ মৎস্য আড়তে বিশেষ অভিযান চালিয়ে ৫৩ কেজি জাটকা ও পাঙ্গাসের পোনা জব্দ করা হয়। এ সময় জাটকা বিক্রির অপরাধে তিন মাছ ব্যবসায়ীকে আটক করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করেছে প্রশাসন।
এদিকে, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ছেংগারচর বাজারের ‘কালাম এন্টারপ্রাইজ’ নামক একটি প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে ১৫০টি এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ অবস্থায় পাওয়া যায়। নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সিলিন্ডার বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে গুদাম মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্ল্যাহ জানান, সিলিন্ডারগুলো সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে নিয়মিত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীকে নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
জেএইচআর