পঞ্চগড়ের সদর উপজেলায় পৃথক সীমান্ত অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৮ বোতল মদ ও একটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলার মালকাডাঙ্গা ও বড়শশী বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার দুপুরে মালকাডাঙ্গা বিওপির সদস্যরা নাওতরী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে বড়শশী সীমান্তের অমরখানা এলাকায় চোরাকারবারীদের ধাওয়া করে একটি ভারতীয় গরু জব্দ করা হয়।
বড়শশী সীমান্তের অভিযানে ১৪-১৫ জন চোরাকারবারী ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের বাধা দেয়। এ সময় চোরাকারবারীরা বিজিবি সদস্যদের ওপর আক্রমণের চেষ্টা চালালে টহল দল এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বিজিবির অনড় অবস্থানে চোরাকারবারীরা একটি গরু ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান নির্মূলে বিজিবি সদস্যরা দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জব্দকৃত মাদক ও গরুর বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং সীমান্তে টহল জোরদার করা হয়েছে।
জেএইচআর