বানারীপাড়ায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত, ১ লাখ টাকা জরিমানা

বরিশাল ব্যুরো প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৫:৩২ পিএম

বরিশালের বানারীপাড়া পৌরসভায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১১ এপ্রিল) দুপুর ২টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আলম কমিশনার বাড়িতে এই অভিযান পরিচালিত হয়।

দণ্ডিত ডিলারের নাম মো. শামসুল আলম শিমু। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), বরিশালের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাইজিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে জেলা এনএসআই-এর কর্মকর্তা ও বানারীপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুসন্ধানে জানা গেছে, শামসুল আলম শিমুর সর্বোচ্চ ৪০টি সিলিন্ডার মজুতের অনুমতি থাকলেও তিনি দীর্ঘ দিন ধরে নিজ বাড়িতে প্রায় ২ হাজার থেকে আড়াই হাজার গ্যাস ভর্তি সিলিন্ডার মজুত করে রেখেছিলেন। এসব সিলিন্ডার তিনি বন্দর বাজারের ফেরিঘাট সংলগ্ন তাঁর মালিকানাধীন ‘বৈশাখী প্লাস’ নামক দোকান থেকে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিলেন।

এনএসআই সদস্যদের দীর্ঘ নজরদারিতে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে উপজেলা প্রশাসন তাঁর বাড়ি ও দোকানে অভিযান চালায়। এ সময় ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে তাঁকে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে ১ হাজার টাকার মুচলেকা নিয়ে তাঁকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, মজুতকৃত সিলিন্ডারগুলো দ্রুত বাজারে সরবরাহ করার এবং লাইসেন্সের শর্ত অনুযায়ী ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

জেএইচআর