মহম্মদপুরে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন: উন্নয়ন ও পরিবেশ রক্ষায় নতুন দিগন্ত

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৯:৩০ পিএম

মাগুরার মহম্মদপুরে স্থানীয় জনগণের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উদ্যোগকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

শনিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খাল পুনঃখনন কেবল একটি অবকাঠামোগত উন্নয়ন নয়, এটি একটি সমন্বিত জনকল্যাণমূলক পদক্ষেপ। এর ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে, জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি পাবে।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করতে এমন উদ্যোগের কোনো বিকল্প নেই। খাল পুনঃখননের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এ সময় তিনি স্থানীয় জনগণকে খাল রক্ষণাবেক্ষণ ও পরিবেশ সুরক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রকল্প বাস্তবায়নের ফলে এলাকার সামগ্রিক জীবনমানের উন্নয়ন ঘটবে এবং কৃষিনির্ভর অর্থনীতি আরও শক্তিশালী হবে।

মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জনকল্যাণমূলক যেকোনো উন্নয়ন কর্মকাণ্ডে তারা সবসময় সহযোগিতামূলক ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

জেএইচআর