মধ্যনগরে হাওরের পানি নিষ্কাশন করতে গিয়ে মাটিচাপায় যুবক নিহত

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৪:৫১ পিএম

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় শোল ডুয়ারী হাওরে বৃষ্টির পানিতে নিমজ্জিত বোরো ধান বাঁচাতে গিয়ে মাটি ধসে আরমান হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। 

রোববার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালার হাওরের হাওরিয়া পাড়াস্থ শোল ডুয়ারী জাঙ্গাল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আরমান হোসেন মধ্যনগর সদর ইউনিয়নের সাইলানী গ্রামের আনফর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিনের বৃষ্টিতে শোল ডুয়ারী হাওরের বোরো ধান তলিয়ে যেতে শুরু করলে তা রক্ষায় কৃষকরা মিলে পানি নিষ্কাশনের উদ্যোগ নেন। পানি নামানোর জন্য নালা খনন করার সময় নালার গভীরতা বাড়াতে গেলে হঠাত পাড় ধসে পড়ে। 

এ সময় আরমান হোসেন মাটির নিচে চাপা পড়েন। তাৎক্ষণিকভাবে সঙ্গে থাকা লোকজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন।

অকালপক্ক ধান রক্ষায় কৃষকের এমন প্রাণান্তকর চেষ্টার মাঝে যুবকের এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি তদারকি করছেন।

জেএইচআর