ফেনীতে বাংলা নববর্ষ উদযাপনে ব্যাপক প্রস্তুতি

ফেনী প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৪:০৬ পিএম

ফেনীতে বাংলা নববর্ষ উদযাপনকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পয়লা বৈশাখের দিন সকাল ৮টায় ফেনী সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি শহরের মিজান রোড হয়ে পিটিআই মাঠে গিয়ে শেষ হবে। একই দিন সকালে পিটিআই মাঠে বর্ষবরণ অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও তিন দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হবে। এই মেলা ও সাংস্কৃতিক আয়োজন ১৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত চলবে।

পাশাপাশি জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করা হবে। এর অংশ হিসেবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বিশেষ কর্মসূচির আওতায় জেলা কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারগুলোতে ঐতিহ্যবাহী দেশীয় খাবার পরিবেশন করা হবে। আগামী ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) লোকজ মেলার সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নববর্ষ উদযাপনের এই কর্মসূচি শেষ হবে।

ফেনী জেলা প্রশাসক মনিরা হক জানান, পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব এবং আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছরের মতো এবারও বর্ণিল ও আনন্দঘন পরিবেশে নতুন বছরকে বরণ করে নিতে জেলা প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।

জেএইচআর