কটিয়াদীতে খাল খনন ও রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি জালাল উদ্দিন

জজ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৪:১৭ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় খাল খনন ও সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন। 

সোমবার (১৩ এপ্রিল) দিনব্যাপী পৃথক কর্মসূচির মাধ্যমে তিনি এসব উন্নয়ন কাজের শুভ সূচনা করেন।

কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামে হেরিংবোন বন্ড সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে আচমিতা ইউনিয়নের তেভাগা গ্রামে আরও একটি হেরিংবোন বন্ড সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। একই দিন দুপুর ১টা ৩০ মিনিটে বনগ্রামের কুরহানীর বিল থেকে সিংগুয়া নদী পর্যন্ত খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জালাল উদ্দিন বলেন, এসব উন্নয়ন কাজ বাস্তবায়নের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজলসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

দীর্ঘদিন ধরে অবহেলিত খাল ও সড়কগুলোর উন্নয়ন কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, দ্রুত কাজ শেষ হলে এলাকার আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন আসবে।

জেএইচআর