আশুলিয়ায় ডিবি অভিযান, অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

আলী রেজা রাজু, সাভার প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৪:০৭ পিএম

সাভারের আশুলিয়ায় দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করা শীর্ষ সন্ত্রাসী মো. আফজাল হোসেনকে (৪৭) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাতে এক বিশেষ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. জাহিদুল ইসলামের তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ৩টার দিকে আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার এবাদুল্লাহ মসজিদ সংলগ্ন মাদ্রাসা রোডে এই শ্বাসরুদ্ধকর অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত আফজালের কাছ থেকে পুলিশ একটি পাকিস্তানি রিভলবার, একটি বিদেশি ওয়ান শটারগান, ২ রাউন্ড গুলি এবং একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করে। অভিযান চলাকালে আফজালের সহযোগীরা পালিয়ে গেলেও তারা ঘটনাস্থলে ফেলে যায় ধারালো ছোরা, চাইনিজ কুড়াল ও লোহার তৈরি ভয়ংকর সব ডাকাতির সরঞ্জাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আফজাল স্বীকার করেছে যে, সে ও তার দল এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাস এবং নিয়মিত ডাকাতি করে আসছিল। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ বিভিন্ন থানায় অন্তত ৯টি মামলা রয়েছে। স্থানীয়দের কাছে আফজাল ও তার বাহিনী ছিল আতঙ্কের প্রতীক।

এ ঘটনায় আশুলিয়া থানায় নতুন করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, পলাতক সহযোগীদের ধরতে অভিযান আরও জোরদার করা হয়েছে।

দীর্ঘদিন পর এই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার হওয়ায় আশুলিয়ার সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। তবে এলাকার পুরোপুরি নিরাপত্তা নিশ্চিতে পলাতক অন্য অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জেএইচআর