বগুড়ার ১৩তম উপজেলা হচ্ছে মোকামতলা

বগুড়া প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৪:২৩ পিএম

উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত বগুড়া জেলায় যুক্ত হচ্ছে আরও একটি নতুন উপজেলা। জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নকে কেন্দ্র করে নতুন এই উপজেলা গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। এর ফলে বগুড়া জেলায় মোট উপজেলার সংখ্যা দাঁড়াবে ১৩টি। প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (প্রাক-নিকার) সচিব কমিটির সভায় এই প্রস্তাবনা অনুমোদিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল অনুষ্ঠিত প্রাক-নিকার সভায় বগুড়া সিটি করপোরেশন ঘোষণার পাশাপাশি মোকামতলাকে উপজেলা করার প্রস্তাবটি অনুমোদন পায়। এখন কেবল গেজেট প্রকাশ, প্রশাসনিক কাঠামো বিন্যাস এবং আনুষ্ঠানিক উদ্বোধনের প্রক্রিয়াগুলো বাকি রয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মোকামতলা উপজেলা গঠনের কাজ এখন শেষ পর্যায়ে। উপজেলা কমপ্লেক্সের স্থান নির্ধারণের বিষয়টি সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে দ্রুত চূড়ান্ত করা হবে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান জানান, শিবগঞ্জ উপজেলার মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা এবং শিবগঞ্জ সদর—এই পাঁচটি ইউনিয়ন নিয়ে নতুন মোকামতলা উপজেলা গঠিত হতে যাচ্ছে। প্রস্তাবিত এই উপজেলার মোট আয়তন হবে ১২৮ দশমিক ৭৪ বর্গ কিলোমিটার এবং প্রাথমিক হিসাব অনুযায়ী জনসংখ্যা হবে প্রায় দেড় লক্ষাধিক।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি স্থানীয় এক বাসিন্দার আবেদনের প্রেক্ষিতে এই প্রশাসনিক পুনর্বিন্যাস প্রক্রিয়া শুরু হয়। নতুন উপজেলাটি কার্যকর হলে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা নিয়ে গঠিত হবে বর্তমানের বগুড়া-২ সংসদীয় আসন। এর ফলে স্থানীয় জনসাধারণের প্রশাসনিক সেবা গ্রহণ আরও সহজতর হবে বলে আশা করা হচ্ছে।

জেএইচআর