কুড়িগ্রামে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০১:৩৯ পিএম

কুড়িগ্রামে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় জেলাজুড়ে ১ হাজার ৮১৫টি কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। 

সোমবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এই বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ এবং সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নূর নেওয়াজ আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নিজাম উদ্দিন, ড্যাব-এর আহ্বায়ক ডা. মাহফুজার রহমান মারুফ, এনসিপি নেতা মুকুল মিয়া ও মাসুম মিয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. রাফি আবির।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কুড়িগ্রামের ৯টি উপজেলা ও ৩টি পৌরসভা এলাকায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ২ লাখ ৭১ হাজার ৬৯৯ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে জেলার বিভিন্ন কেন্দ্রে মোট ৩ হাজার ৬২০ জন দক্ষ স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং দেশ থেকে হাম-রুবেলা নির্মূলের লক্ষ্যে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিভাবকদের নিজ নিজ সন্তানদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

জেএইচআর