নাগরপুর মহিলা কলেজের সভাপতি হলেন মনোয়ারা বেগম

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৩:০৪ পিএম

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী নাগরপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মনোয়ারা বেগম। গত ২২ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাছিম উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশোধিত বিধিমালা অনুযায়ী ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। মনোনীত হওয়ার তারিখ থেকে আগামী দুই বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

একই আদেশে কলেজের পূর্ণাঙ্গ গভর্নিং বডি গঠনের লক্ষ্যে সভাপতি হিসেবে মনোয়ারা বেগমের সুপারিশক্রমে তিনজন শিক্ষানুরাগী সদস্যের নাম প্রস্তাব করার অনুরোধ জানানো হয়েছে। তবে বিশেষ প্রয়োজনে যেকোনো সময় এই মনোনয়ন প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দায়িত্ব পাওয়ার পর মনোয়ারা বেগম বলেন, নাগরপুর মহিলা কলেজের শিক্ষার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। এ ক্ষেত্রে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

এদিকে মনোয়ারা বেগম সভাপতি মনোনীত হওয়ায় স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকদের মাঝে সন্তোষ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তার নেতৃত্বে কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।

জেএইচআর