খেলাধুলা মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার দুপুরে দিনাজপুরের হিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে শরীর সুস্থ ও সবল রাখা সম্ভব। এটি তরুণ প্রজন্মকে মাদকসহ নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে। একটি সচেতন ও মানবিক জাতি গড়ে তুলতে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার ওপর জোর দেন তিনি। তিনি আরও উল্লেখ করেন যে, মানসিক প্রশান্তি ও শারীরিক বিকাশ নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
ডা. জাহিদ হোসেন তার বক্তব্যে স্মরণ করেন যে, ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 'নতুন কুঁড়ি' কর্মসূচির মাধ্যমে দেশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রসারে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। বর্তমান সরকারও সেই ধারাবাহিকতা বজায় রেখে শিশুদের বহুমুখী বিকাশে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও সহনশীলতা তৈরির অন্যতম মাধ্যম।
হাকিমপুর উপজেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এবং উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান। এছাড়াও স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
জেএইচআর