চাঁদা না পেয়ে বিরিয়ানির দোকানে তালা দেওয়ার অভিযোগ 

আলী রেজা রাজু, সাভার প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ১১:৫৮ এএম

সাভারের হেমায়েতপুরে চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য যেন নতুন মাত্রা পেয়েছে। চাঁদা না দেওয়ায় প্রকাশ্য দিবালোকে একটি জনপ্রিয় বিরিয়ানির দোকানে তালা ঝুলে যাওয়ার ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাটিকে ঘিরে স্থানীয় যুবদল নেতা রকিব ও কথিত সাংবাদিক শরীফের নাম আলোচনায় এসেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের গেটসংলগ্ন ‘হাজী বিরিয়ানি হাউজ’ দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছিল। নিয়মিত ভাড়া পরিশোধ ও সকল শর্ত মেনেই ব্যবসা চললেও হঠাৎ করেই একটি প্রভাবশালী চক্রের নজরে পড়ে প্রতিষ্ঠানটি। এরপর থেকেই শুরু হয় ধারাবাহিক চাঁদার চাপ ও নানা ধরনের ভয়ভীতি।

সূত্র জানায়, ওই চক্রের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে এলাকায় পরিচিত রকিব ও শরীফ বিভিন্ন সময়ে মোটা অংকের টাকা দাবি করে আসছিল। গত ১৩ আগস্ট ২০২৪ তারিখে ৫০ হাজার টাকা নেওয়ার পর তাদের দাবি আরও বাড়তে থাকে। পরবর্তীতে চার লাখ টাকা চাঁদা দাবি করা হলে ব্যবসা কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানায়। এরপরই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।

অভিযোগ অনুযায়ী, গত ১৯ এপ্রিল ২০২৬ দুপুরে একদল লোক এসে ‘হাজী বিরিয়ানি হাউজ’-এ তালা ঝুলিয়ে দেয়। হঠাৎ করেই দোকান বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দোকান খুলে ব্যবসা চালানোর চেষ্টা করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, দখলবাজি ও ভয়ভীতি প্রদর্শনের একাধিক অভিযোগ রয়েছে একই চক্রের বিরুদ্ধে। কিন্তু প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব ঘটনা অধিকাংশ সময়ই আড়ালেই থেকে যায়।

বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ রেজাউল কবির ও মালিক মোঃ জহুরুল ইসলাম বিপ্লব। তাদের আশঙ্কা, যেকোনো সময় আরও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন তারা।

ভুক্তভোগীরা জানান, স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও কোনো ফল না পেয়ে অবশেষে তারা সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ আরমান আলী বলেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এএন