ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাসন্ডা ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন লেলিন বালা, জেলা তথ্য কর্মকর্তা। মো. জাকির হোসেন, জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান মো. শামীম আজাদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. আবদুল্লাহ আউয়াল, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা; গোলাম রব্বানী, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী; শাহীন হাওলাদার ও শাখাওয়াত হোসেন ইউপি সদস্য।
সভায় প্রধান অতিথি বলেন, হাম থেকে শিশুদের সুরক্ষিত রাখতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রতিটি শিশুকে হামের টিকা নিশ্চিত করতে হবে। তিনি গুজবে কান না দিয়ে দেশব্যাপী ২০ এপ্রিল শুরু হওয়া টিকাদান ক্যাম্পেইনে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানান।
এ ছাড়া তাঁর বক্তব্যে বাল্যবিবাহ প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব, নারীর ক্ষমতায়ন, জন্মনিবন্ধন, শিশুর পরিচর্যা, পরিবেশ সুরক্ষা, মাদকের কুফল, ইভটিজিং প্রতিরোধ, মোবাইলের অপব্যবহার এবং গ্রাম আদালতের কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শেষে হাম-রুবেলা ও গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে নির্মিত টিভিসিসহ বিভিন্ন সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারী ১০ জনকে পুরস্কার দেওয়া হয়।
এএন