এসএসসি পরীক্ষার হলে ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর, অতঃপর...

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৪:৫০ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে এসএসসি পরীক্ষার কেন্দ্রে অস্বাভাবিক এক ঘটনা ঘটেছে। পরীক্ষা চলাকালীন হঠাৎ সিলিং ফ্যান খুলে এক শিক্ষার্থীর মাথায় পড়ে যায়, এতে সে আহত হলেও পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও পরীক্ষায় অংশ নেয়।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১১ নম্বর কক্ষে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী মো. নিয়ামুল হাসান, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী (রোল ১৯২২৬৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষার মাঝেই হঠাৎ সিলিং ফ্যানটি খুলে নিচে পড়ে যায় এবং একজন শিক্ষার্থীর মাথায় আঘাত করে। এতে তার মাথার একপাশ কেটে যায়। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে কক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে পরীক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে সে পুনরায় পরীক্ষায় অংশ নেয়।

চিকিৎসা নিতে সময় লাগায় তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রের কিছু কক্ষে পুরোনো ও ঝুঁকিপূর্ণ সিলিং ফ্যান ব্যবহারের কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত বিদ্যালয়ের অবকাঠামো ও বৈদ্যুতিক সরঞ্জাম সংস্কারের দাবি জানিয়েছেন।

বেগমগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, “পরীক্ষা চলাকালে ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়। তাৎক্ষণিক চিকিৎসার পর সে আবারও পরীক্ষা দিয়েছে। বোর্ডের প্রতিনিধিরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এএন