কুষ্টিয়ার খোকসা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ (৬) নামে এক স্কুলশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাদিরপুর সংলগ্ন তামিম ইন্টারন্যাশনাল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ গোপগ্রাম ইউনিয়নের বড়ইচারা গ্রামের মো. রাজীব হোসেনের ছেলে। জানা যায়, গলায় মাদ্রাসার আইডি কার্ড ঝুলিয়ে প্রতিদিনের মতো স্কুলে যাচ্ছিল সে। এ সময় স্কুলের সামনে রাস্তা পার হওয়ার মুহূর্তে একটি ভ্যানের চাকার নিচে পড়ে যায় শিশুটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যানটি শিশুটির শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, খোকসা বাসস্ট্যান্ড ও আশপাশ এলাকায় সাম্প্রতিক সময়ে অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানের বেশিরভাগই ভাড়া বাসায় পরিচালিত হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রেই নেই কোনো নির্দিষ্ট ক্যাম্পাস, ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা কিংবা নিরাপদ যাতায়াত নিশ্চিত করার উদ্যোগ।
এ বিষয়ে অভিভাবক ও এলাকাবাসী বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে স্কুলের সামনে স্পিড ব্রেকার, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং নিরাপদ রাস্তা পারাপারের ব্যবস্থা জরুরি। অন্যথায় এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আরও ঘটতে পারে।
ঘটনার পরপরই প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এএন