ফরিদগঞ্জে রাতের আঁধারে শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৫:২৬ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ ইউনিয়নের মদিনা বাজার এলাকায় অবস্থিত ‘আল-মদিনা একাডেমি’তে গভীর রাতে ভাঙচুর ও তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাতের কোনো এক সময়ে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সোমবার সকালে শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে আসবাবপত্র ভাঙা অবস্থায় দেখে হতবাক হয়ে পড়েন। দুর্বৃত্তরা শ্রেণিকক্ষের টেবিল, চেয়ার ও বেঞ্চ ভাঙচুর করে ভেতরে-বাইরে ছড়িয়ে-ছিটিয়ে রেখেছে। এছাড়া বেশ কিছু ডাস্টবিন ভাঙা হয়েছে এবং কয়েকটি উধাও রয়েছে।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. সেলিম হোসেন বলেন, রোববার সকালেও আমরা কিছু ভাঙচুর দেখে বিকল্প গেটটি বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু পরদিন এসে দেখি পরিস্থিতি আরও ভয়াবহ। আসবাবপত্র নষ্ট করে ফেলার কারণে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

বিদ্যালয়ের সভাপতি শরিফ মজুমদার জানান, দীর্ঘ ১৩ বছর ধরে সুনামের সাথে চলা এই প্রতিষ্ঠানে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। বর্তমানে তিন শতাধিক শিক্ষার্থীর পড়াশোনা এই তাণ্ডবের কারণে বিঘ্নিত হচ্ছে।

এই ঘটনার পর থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কয়েকজন শিক্ষার্থী জানায়, কিছু ব্যক্তিকে বিদ্যালয় নিয়ে বিরূপ মন্তব্য করতে শোনা যেত। সেই চক্রটিই এই হামলার সাথে জড়িত কিনা, তা নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে এবং দ্রুত তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার প্রস্তুতি চলছে। স্থানীয়রা মনে করছেন, পূর্ব শত্রুতা বা কোনো বিশেষ মহলের ইন্ধনে এই ঘটনা ঘটে থাকতে পারে।

জেএইচআর