পঞ্চগড়ে এআই দিয়ে কিশোরীর ছবি বিকৃত, প্রতিবাদে মানববন্ধন

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৫:৪৭ পিএম

পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নে এক কলেজ শিক্ষার্থীসহ বেশ কয়েকজন কিশোরীর ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। 

সোমবার দুপুরে মাগুরা ইউনিয়নের দলুয়া বাজার এলাকায় ঝলই-রজলি সড়কের দুই পাশে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এক কলেজ শিক্ষার্থীর ছবি এআই প্রযুক্তি ব্যবহার করে অশ্লীলভাবে বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত থাকার অভিযোগে তহিদুল ইসলাম নামে এক যুবককে ইতিমধ্যে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত তহিদুল গ্রেপ্তার হলেও তার ভাই তইবুল ইসলাম বর্তমানে ভুক্তভোগী পরিবারগুলোকে বিভিন্নভাবে হয়রানি ও মারধরের হুমকি দিচ্ছেন। এমনকি প্রতিবাদ করায় এলাকাবাসীর সঙ্গেও তিনি অসদাচরণ করছেন বলে অভিযোগে বলা হয়। এর ফলে এলাকায় চরম উত্তেজনা ও ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

মানববন্ধনে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান প্রধান, অধ্যাপক গোলাম রহমান প্রধান, জিন্নাতুল ইসলাম প্রধান ও ফিরোজ আখতার প্রধানসহ অনেকে। বক্তারা অবিলম্বে তইবুল ইসলামকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে তারা সাইবার অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।

এই কর্মসূচিতে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সহস্রাধিক সাধারণ মানুষ অংশ নেন। তারা ভুক্তভোগী কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

জেএইচআর