বর্তমান সরকারকে শিক্ষাবান্ধব উল্লেখ করে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই তাদের নিয়মিত খেলাধুলায় মনোনিবেশ করাতে হবে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আমিনপুর মাঠে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলার মোট ১১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে চূড়ান্ত পর্বে লড়াইয়ে অবতীর্ণ হয় ৪টি দল। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে গোল্ডকাপ তুলে দেন প্রধান অতিথি এমপি আজহারুল ইসলাম মান্নান।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সেন্টু। এছাড়াও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেএইচআর