মাগুরা সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ।
সোমবার দিনব্যাপী এই পরিদর্শনে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশাসনিক দক্ষতা ও সেবার মান সরেজমিনে মূল্যায়ন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মাগুরা সদর থানা, চাউলিয়া ইউনিয়ন পরিষদ, মালিগ্রাম ভূমি অফিস, ধলহরা কমিউনিটি ক্লিনিক এবং বুজরুক শ্রীকুন্ডী মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। তিনি প্রতিটি প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মাগুরা সদর থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেবাপ্রদান পদ্ধতি পর্যালোচনা করে পুলিশ সদস্যদের আরও জনবান্ধব আচরণ নিশ্চিত করার নির্দেশ দেন জেলা প্রশাসক। মালিগ্রাম ভূমি অফিসে তিনি ভূমি সেবার জটিলতা কমিয়ে স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করতে অনলাইন ব্যবস্থাকে কার্যকর করার তাগিদ দেন। এছাড়া ধলহরা কমিউনিটি ক্লিনিকে রোগীদের স্বাস্থ্যসেবা ও ওষুধ সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি স্বাস্থ্যকর্মীদের আরও আন্তরিক হওয়ার পরামর্শ দেন।
জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার জানান, জেলা প্রশাসকের এই পরিদর্শন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য দিকনির্দেশনামূলক। তাঁর নির্দেশনা অনুযায়ী সেবার মান আরও উন্নত করতে কাজ চলছে। চাউলিয়া ইউনিয়ন পরিষদ ও মালিগ্রাম ভূমি অফিসের কর্মকর্তারাও ডিজিটাল সেবাকে আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন।
জেএইচআর