ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল)  প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৯:০২ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে রাতভর নির্যাতনের পর হাত-পা বাঁধা অবস্থায় ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার সকালে উপজেলার রাউৎবাড়ি এলাকার একটি ধানক্ষেত থেকে স্থানীয়রা তাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জিগাতলা গ্রামের ওই তরুণী জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় সে বাড়ি থেকে বের হয়। রাতে বৃষ্টির সময় পরিবারের সদস্যরা ভেবেছিলেন তরুণীটি ঘরেই আছে, তাই বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু সকালে রাউৎবাড়ি এলাকায় এক নারী গাছের ডাল কুড়াতে গিয়ে ধানক্ষেতে তাকে হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে স্থানীয়রা বাড়ি থেকে কাপড় এনে ওই তরুণীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। পরিবারের দাবি, তাকে অপহরণ করে রাতভর পাশবিক নির্যাতন বা গণধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এই জঘন্য অপরাধের সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর