সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের রজনীগঞ্জ বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার গভীর রাতে বাজারের স্কুল মার্কেটে এই অগ্নিকাণ্ডে ৬টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার মালামাল নষ্ট হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে মার্কেটের ব্যবসায়ী আতাউর রহমানের কাপড়ের দোকানে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে পাশের সারজুল মিয়া, আল আমিন, আব্দুস সালাম, অজয় দাস ও শাহজাহান মিয়ার মুদি দোকানসহ মোট ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে গ্রাস করে। বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে দিরাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর সব মালামাল ছাই হয়ে গেছে। দিরাই ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ শিশির কুমার দাশ জানান, আগুনে ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একমাত্র উপার্জনের পথ হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন দিশেহারা হয়ে পড়েছেন।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে, তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।
জেএইচআর