ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) ও বর্ডার গার্ড বাংলাদেশ (২৫ বিজিবি)-এর যৌথ অভিযানে প্রায় ২৮ লাখ টাকা মূল্যের চোরাচালানকৃত ভারতীয় জিরা ও একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ জানায়, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও বিজিবির একটি যৌথ দল উপজেলার পত্তন ইউনিয়নের টান মনিপুর এলাকায় সিমনা ব্রিজের পূর্ব পাশে চেকপোস্ট স্থাপন করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি মিনি ট্রাককে থামানোর সংকেত দিলে চালকসহ অপর এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁদের আটক করা হয় এবং ট্রাকে তল্লাশি চালিয়ে ৭৭টি বস্তায় ভর্তি মোট ২ হাজার ৩১০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আজিমাবাদ গ্রামের মো. পাভেল (২১) এবং একই উপজেলার মো. সুলতান আহমেদ (২৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন যে, বিক্রির উদ্দেশ্যে চোরাচালানের মাধ্যমে এসব ভারতীয় পণ্য দেশে এনেছিলেন।
জব্দকৃত জিরা ও মিনি ট্রাকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
জেএইচআর