সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ভাঙ্গুড়ার কলেজ শিক্ষক নিহত

মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা) প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৫:৫৪ পিএম

পাবনার চাটমোহরে সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কলেজ শিক্ষক হুমায়ুন কবির মুক্তা (৪৮) মারা গেছেন। 

বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে বুধবার সকালে বাঘাবাড়ী-টেবুনিয়া আঞ্চলিক সড়কের চাটমোহর ফায়ার সার্ভিস অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটেছিল।

নিহত মুক্তা ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং উপজেলার কলকতি এলাকার মৃত আকবর আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত মুক্তা ডায়ালাইসিস করানোর উদ্দেশ্যে বুধবার সকালে স্ত্রীসহ সিএনজিযোগে চাটমোহর রেল স্টেশনের দিকে যাচ্ছিলেন। 

সকাল ৮টার দিকে চাটমোহর ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তাঁদের সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় শিক্ষক মুক্তা, তাঁর স্ত্রী সুচিত্রা বিশ্বাস উর্মি এবং সিএনজি চালক মারাত্মক আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

পরে অবস্থার অবনতি হলে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মুক্তার মৃত্যু হয়। তাঁর স্ত্রী ও সিএনজি চালক এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক মাইক্রোবাসটি জব্দ করেছে। তবে চালক পলাতক থাকায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। 

এদিকে প্রিয় শিক্ষকের এমন মর্মান্তিক মৃত্যুতে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষক ও কর্মচারীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জেএইচআর