কুড়িগ্রাম সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৭:৩৮ পিএম

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর বিশেষ অভিযানে সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত এই বিশেষ অভিযানে ৩৫ লাখ ৯৮ হাজার ৫৪০ টাকা মূল্যের মালামাল আটক করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় জিরা, গবাদিপশু এবং বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য। ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় এসব পণ্য জব্দ করে।

অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান নির্মূলে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) নিরলসভাবে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে আসছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান রোধে বিজিবির এই কঠোর অবস্থান ও নিরবচ্ছিন্ন নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেএইচআর