আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মহানগরীর ভোগড়া বাইপাস মোড়ে এই সমাবেশের আয়োজন করা হয়।
মহানগর সভাপতি মুহাম্মদ হোসেন আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি হাসিবুল হাসান হাসিবের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, কেন্দ্রীয় শ্রমিক নেতা কবির আহমেদ এবং মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান। এছাড়া মনসুর আহমেদ, আসাদুজ্জামান ও আশরাফ আলী কাজলসহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, মানব সম্পদই সবচেয়ে বড় সম্পদ। একটি জাতি যখন তার শ্রমিকদের যথাযথ সম্মান করে, তখনই সেই জাতি উন্নতির পথে এগিয়ে যায়। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, দুঃখজনকভাবে আমরা দেশের প্রায় ৮০ শতাংশ শ্রমজীবী মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি। ফলে দেশের অধিকাংশ সম্পদ মাত্র ২৫ শতাংশ মানুষের হাতে কুক্ষিগত হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, বিদেশে শ্রমিকদের যোগ্য মূল্যায়ন করা হয় বলেই আমাদের দেশের লাখ লাখ মানুষ প্রতিবছর বিদেশে পাড়ি জমাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলা জরুরি।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিক অধ্যুষিত এই অঞ্চলে সরকারের উচিত ছিল সবার আগে শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিত করা। একই সঙ্গে শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর তারা গুরুত্বারোপ করেন।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি নিশ্চিত করা গেলে বাংলাদেশ একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফের রাষ্ট্রে পরিণত হবে।
জেএইচআর